পাওনা ফেরত পেতে শুরু করেছেন থলে ও বুম বুম গ্রাহকরা

৩ মার্চ, ২০২২ ১৬:৫৬  
প্রতিশ্রুতি অনুযায়ী সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার থলে ডটকম ও বুম বুমে’র ২০ গ্রাহকের পাওনা অর্থ ফেরত দেয়ার প্রক্রিয়ার কাজ শুরু করলো বাণিজ্য মন্ত্রণালয়। এ দিন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই দুই ই-কমার্স প্রতিষ্ঠানের কাছ থেকে পওনাদারদের মোট ১৪ লাখ ৮ হাজার ৬৫৮ টাকা পাইয়ে দেয় মন্ত্রণালয়। পেমেন্ট গেটওয়ে কোম্পানিতে আটকে থাকা টাকা ছাড় করিয়ে এই টাকা ফেরত পাওয়ার কাজে নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের প্রধান এ এইচ এম সফিকুজ্জামান। তিনি জানিয়েছেন, শিগগিরি আনন্দের বাজার, উইকম ডটকম, বাংলাদেশ ডিল, সিরাজগঞ্জ শপ এবং আলিফ ওয়ার্ল্ডের যেসব গ্রাহকের টাকা পেমেন্ট গেটওয়েতে আটকে পড়েছে, তারা টাকা ফেরত পাবেন। বাণিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব মুহাম্মদ সাঈদ আলী, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম রাফিজা আক্তার কান্তা এবং ই-ক্যাব জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম শোভন প্রমুখ টাকা ফেরত পাইয়ে দেয়ার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সূত্র বলছে, বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান থেকে পণ্য কিনতে গ্রাহকরা যে টাকা আগাম পরিশোধ করেছেন, তার মধ্যে ২১৪ কোটি টাকা কয়েকটি পেমেন্ট গেটওয়ে কোম্পানিতে আটকে আছে। এর মধ্যে থলে ডটকম, আনন্দের বাজার, উইকম ডটকম এবং বাংলাদেশ ডিলের কিছু ক্রেতার লেনদেনের সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। পেমেন্ট গেটওয়েতে থলে ডটকমের গ্রাহকদের এক কোটি, উইকমের ৯ লাখ ৫০ হাজার, আনন্দের বাজারের ৩৬ লাখ এবং বাংলাদেশ ডিলের ২২ লাখ টাকার তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের তদন্তে দেখা গেছে, আনন্দের বাজার গত বছরের অক্টোবর পর্যন্ত ২৮০ কোটি টাকা নিয়েছে। তাদের ব্যাংক হিসাবে আছে মাত্র ২২ লাখ ১৫ হাজার টাকা ।বাংলাদেশ ডিলের তিনটি ব্যাংক হিসাবে গ্রাহকরা ৫৫ কোটি ৩৮ লাখ টাকা জমা করেছে। প্রতিষ্ঠানটি তুলে নিয়েছে ৫৫ কোটি ৩৬ লাখ টাকা। এদিকে দারাজ, আলেশা মার্ট, ইভ্যালি, ই-অরেঞ্জসহ নতুন করে ৩০টি ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট- বিএফআইইউ। আজই ছিলো এই প্রতিবেদন জমা দেয়ার শেষ দিন। ব্যাংক হিসাব তলবের তালিকায় আরও আছে- কিউ কম, আলাদিনের প্রদীপ, বুম বুম, প্রিয়শপ, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপ, আদিয়ান মার্ট, ওয়ালমার্ট, নিডস, দালাল প্লাস, ২৪ টিকেট, থলে, উই কম। এ ছাড়া আছে ইনফিনিটি মার্কেটিং, আনন্দের বাজার, আকাশ নীল ব্রাইট হ্যাশ, অ্যানেক্স ওয়ার্ল্ড ওয়াইড, আমার বাজার, আস্থার প্রতীক, বাংলাদেশ ডিল, বাড়ি দোকান ডট কম, শ্রেষ্ঠ ডট কম, অ্যামস বিডি, নিরাপদ ও আলিফ ওয়ার্ল্ড।